রাজধানীর সবচেয়ে আধুনিক গণপরিবহন হিসেবে পরিচিত মেট্রোরেলে সেবা চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে। পর্যাপ্ত টিকিট না থাকা, একের পর এক গেট নষ্ট হয়ে পড়ে থাকা এবং দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তিতে যাত্রীদের মনে এখন তীব্র ক্ষোভ। সাধারণ মানুষের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবে মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ আধুনিক সেবা সংস্থাও এখন দিনে দিনে ভঙ্গুর হয়ে পড়ছে।
সোমবার সকালে বিজয় সরণি স্টেশনে সরেজমিনে টিকিট বা কার্ড না পেয়ে বহু যাত্রীকে ক্ষোভ প্রকাশ করে খালি হাতে ফিরে যেতে দেখা যায়। কাউন্টার থেকে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে কার্ড ফুরিয়ে গেছে, যা পেতে আরও অন্তত দুই দিন অপেক্ষা করতে হবে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন কী পরিমাণ যাত্রী যাতায়াত করেন সেই সাধারণ হিসাবটুকু রাখার যোগ্যতাও কর্তৃপক্ষের নেই। সময়মতো টিকিট সরবরাহ করতে না পারা এবং যাত্রীদের এমন ভোগান্তিতে ফেলার দায়ে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা ও অপসারণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
একই সঙ্গে উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্টেশনে একের পর এক এন্ট্রি ও এক্সিট গেট বিকল হয়ে পড়ে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যস্ত সময়ে গেট বন্ধ থাকায় স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এত অল্প সময়ে এই প্রযুক্তি কেন নষ্ট হচ্ছে এবং তৎকালীন প্রকল্প পরিচালক (পিডি) থেকে শুরু করে বর্তমান রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ কেন নীরব ভূমিকায় রয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন নাগরিকরা।
মেট্রোরেলের এই বেহাল দশার পাশাপাশি বিদ্যুৎ বিলের আকাশচুম্বী বৃদ্ধি ও ইউটিলিটি খাতের তীব্র সংকটে সাধারণ মানুষের জনজীবন আজ অতিষ্ঠ। জনজীবনের এই দুর্গতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্তরে চাঁদাবাজির রমরমা কারবারে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা বা স্বস্তি অবশিষ্ট নেই। দেশজুড়ে সরকারি প্রতিটি সেবা খাত ধসে পড়া এবং তদারকির চরম ব্যর্থতায় সরকারের সামগ্রিক পরিচালনা ক্ষমতা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন ও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

