ক্ষমতায় বসে পাঁচ মাসও পার হয়নি, এর মধ্যেই বিদ্যুতের ইতিহাসে নতুন এক রেকর্ড লিখে ফেলেছে বিএনপি সরকার। জাতীয় গ্রিডে প্রতিদিন তিন হাজার মেগাওয়াটেরও বেশি ঘাটতি, লোডশেডিং কোথাও কোথাও বারো ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। টাইম ট্রাভেল মেশিন ছাড়াই শুধুমাত্র ক্ষমতা দখল করেই বিএনপি দেশকে ফিরিয়ে নিয়ে গেল খাম্বা যুগে! এ এক আশ্চর্য মুজেজা ছাড়া আর কিছু নয়!
দুটি ভাসমান এলএনজি টার্মিনাল একসঙ্গে অচল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে গেছে চারশো মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। একটা টার্মিনালে আগুন লাগল জুলাইয়ের শেষ সপ্তাহে, আরেকটা মেরামতে আটকে। তার ওপর গ্যাসবাহী জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরিয়ে দেওয়া হলো, বর্ষায় সাগর উত্তাল থাকবে এটা তো নতুন কিছু না, তাহলে বিকল্প ব্যবস্থা কেন রাখা হলো না? এই একটা প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি।
বিদ্যুৎ খাতে বকেয়া দাঁড়িয়েছে চল্লিশ হাজার কোটি টাকায়। ছয় মাস ক্ষমতায় থেকে সমস্যার সমাধান না করে শুধু আঙুল তোলাটাই যদি প্রধান কাজ হয়, তাহলে ক্ষমতা দখলের আগে এতো চাপাবাজির কি দরকার ছিলো?
মাঠের চিত্র আরও ভয়াবহ। মেঘনা গ্রুপের পনেরোটা কারখানার বেশিরভাগ বন্ধ, টি কে গ্রুপের ঊনত্রিশটার মধ্যে চালু মাত্র পাঁচ থেকে সাতটা। আটা, ময়দা, তেল, চিনির উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। বিজিএমইএ সভাপতি নিজেই সতর্ক করে বলেছেন, শিপমেন্ট মিস হলে কারখানা দেউলিয়া হতে পারে, ব্যাংকের দায় বাড়তে পারে। এটা কোনো প্রতিপক্ষের বিবৃতি না, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের আর্তনাদ।

