পাহাড়ি ঢল নামলে পানি নামারই কথা সমতলের দিকে। কিন্তু চট্টগ্রাম আর কক্সবাজারে এবার পানি নামছে না, জমে আছে দিনের পর দিন। কারণটা প্রকৃতি না, ক্ষমতা।
স্লুইসগেট বন্ধ রাখা হচ্ছে ঘের বাঁচাতে। কার ঘের, সেটা এলাকার মানুষ জানে, স্থানীয় প্রশাসনও জানে, শুধু সরাসরি নাম বলার সাহস কারো নেই। বদরখালী থেকে পেকুয়া, চকরিয়া থেকে মহেশখালী, যেখানেই গেট আটকানো পাওয়া যাচ্ছে, তার পেছনে বসে আছে বিএনপি-জামাতের স্থানীয় নেতাকর্মী আর তাদের ছত্রছায়ায় থাকা লোকজন। জাল পেতে মাছ ধরা হচ্ছে, তিন ঘণ্টায় লাখ টাকার মাছ উঠছে, আর তার দাম দিচ্ছে হাজার হাজার পানিবন্দি পরিবার।
পুলিশ গিয়ে গেট খুলে আসছে, পুলিশ চলে গেলেই আবার বন্ধ। খেলাটা নতুন না। ২০০১-০৬ সালে যে বিএনপি-জামাত জোট এলাকায় এলাকায় নিজেদের খেয়ালখুশি মতো চলেছে, ২০২৬ সালে এসেও সেই একই ছবি, শুধু পটভূমিটা এবার বন্যার পানি।
প্রশাসন বলছে তারা বিষয়টি নিয়ে অবগত, বাঁধ কাটছে, নজরদারি বাড়াচ্ছে। কিন্তু যাদের হাতে ক্ষমতার উৎস, তাদের গায়ে হাত দেওয়ার সাহস কারো নেই। ফল যা হওয়ার তাই হচ্ছে, লাখো মানুষ ঘরের ভেতর কোমরসমান পানি নিয়ে বসে আছে, আর কিছু মানুষ সেই পানির ওপর দাঁড়িয়ে ব্যবসা করছে।

