সদ্য সমাপ্ত ঈদুল ফিতরে সরকারের দাবি করা ‘স্বস্তিদায়ক ঈদযাত্রা’র বিপরীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রকৃত চিত্র তুলে ধরায় প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। লাগাতার হুমকি ও সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির অভিযোগ তুলে তিনি রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে অনলাইনে এই জিডি করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদের আগে ভাড়া নৈরাজ্য এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নামে তাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সোমবার সংবাদ সম্মেলন শেষ করে এলাকায় ফেরার পর থেকে কিছু অচেনা লোক মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে তার গতিবিধি লক্ষ্য করছে। এমনকি তার বাসা ও অফিসের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গেছে। এই পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
ডেমরা থানার এসআই মনিরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জুলাই দাঙ্গার পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এবারের ঈদযাত্রাকে ‘স্বস্তিদায়ক’ বলে দাবি করলেও যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলেছে ভিন্ন কথা। সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে উঠে এসেছে পরিবহন খাতের চরম নৈরাজ্যের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, এবার প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ঢাকা থেকে পাবনার ৫৫০ টাকার ভাড়া ১২০০ টাকা এবং রংপুরের ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। সব মিলিয়ে দূরপাল্লার যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরিবহন সিন্ডিকেট।
পরিবহন খাতের এই চরম বিশৃঙ্খলার মধ্যেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি ছিল বিস্ময়কর। তিনি দাবি করেছেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এমনকি তিনি মন্তব্য করেন—যাত্রীদের অভিযোগ নাকি উল্টো, তাদের কাছ থেকে ভাড়া কম নেওয়া হচ্ছে! মন্ত্রীর এমন বাস্তবতাবিচ্ছিন্ন মন্তব্য এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট ও সদরঘাটের বিশৃঙ্খলা সরকারের ব্যবস্থাপনাগত চরম দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে।
বিশ্লেষকরা বলছেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই পুরনো সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

