বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তাঝুঁকি ও সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ‘ভ্রমণ সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কতা ও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয়গুলোকে (মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) লক্ষ্য করে চরমপন্থী বা জঙ্গি হামলা এবং রাজনৈতিক সহিংসতার উচ্চ ঝুঁকি রয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত অনেক সমাবেশও যে কোনো সময় সংঘাতময় বা সহিংস হয়ে উঠতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ শুরু হবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের সাধারণ যান চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
পরিবহন সংকটের কারণে এবং নিরাপত্তার স্বার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করা যায় এমন পরিষেবাগুলো অত্যন্ত সীমিত থাকবে বলে জানানো হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এই সতর্কতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

